
মাত্র ২৮ দিনে ইউটিউবে ৫ কোটি ভিউজ। ইনস্টাগ্রাম জানাচ্ছে, ৮ লাখের বেশি মানুষ গানে রিল বানিয়েছেন। পোস্টারে লেখা দশকের সবচেয়ে বড় গান, কিশোরী।
ঋতম সেনের লেখা রথিজিৎ ভট্টাচার্যর সুরে গানটি গেয়েছেন রথিজিৎ এবং অন্তরা মিত্র।দেবের খাদান মুক্তির বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল কিশোরী। আর প্রথম থেকেই সেই গান নজর কেড়ে নেয় দর্শক, শ্রোতাদের। তবে শুধু গান নয় তার সঙ্গে নাচের দৃশ্যও বেশ মানানসই। একে অপরের কাছে মনপ্রাণ সঁপে দিয়েছেন দেব-ইধিকা। কালো খাদান আর রঙিন পোশাকে আরও উজ্জ্বল মধু-লতিকা।এমন রোমান্টিক সিন থেকে চোখ সরাতে পারেনি দর্শক। শুধু দর্শক নয়, এবার কিশোরী চোখ টানল দেশের জনপ্রিয় ফুড ব্র্যান্ড, আমুল-এরও। শুক্রবার সকালে আমুল বাংলা-র ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয়েছে এক বিজ্ঞাপনী পোস্টার। তাতে রয়েছেন দেব এবং ইধিকা। তবে একেবারে আমুলরূপী চেহারাতে। উঠে এসেছে কিশোরী’র দৃশ্যই। ঢোল বাজাচ্ছে মধু আর পাশে কোমরে হাত দিয়ে দুলছেন লতিকা। বড়-বড় করে লেখা , বাংলার ভাইরাল কিশোরী।
ক্যাপশনে লেখা, রেকর্ড সাফল্যে নজির গড়ল খাদান। দেব অবশ্য অপেক্ষা করেননি, ছবি পোস্ট হতেই তা শেয়ার করে দিয়েছেন নিজের ফেসবুক ওয়ালে। উপচে পড়ছে দর্শকদের কমেন্ট।
