দিলি রঞ্জি ম্যাচে বিরাট, দেখতে ভিড়ে হুড়োহুড়ি-পদপিষ্ট 

0
195
ছবি সৌজন্যে : এক্স

১৩ বছর পর বিরাট কোহলিকে রঞ্জি ম্যাচে খেলতে দেখতে ভিড় উপচে পড়েছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। মাঠে ঢোকার লাইনে হুড়োহুড়ি হয়। পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বহু দর্শক।

কুম্ভমেলায় প্রবল ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। দিল্লির রঞ্জি ম্যাচেও যা পরিস্থিতি তৈরি হয়, তাতে বড় দুর্ঘটনা ঘটতে‌ই পারত। খেলা চলাকালীন মাঠেও ঢুকে পড়েন এক যুবক। বিরাট কোহলির খেলা যাতে বেশি সংখ্যক মানুষ দেখতে পারেন, সেই কারণে এই ম্যাচের কোনও টিকিট রাখেনি দিল্লি ক্রিকেট সংস্থা। ফলে সকাল ৮টা থেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় জমতে শুরু করে। তিনটি গেট দিয়ে দর্শকদের মাঠে ঢোকার ব্যবস্থা করা হয়েছিল। সেই কারণেই এক একটি গেটের বাইরে ভিড় অনেক বেশি ছিল। সকাল ৯টা নাগাদ গেট খোলা হয়। টিকিট না থাকায় সকলেই আগে মাঠে ঢুকে ভাল জায়গায় বসার চেষ্টা করছিলেন। সেই কারণেই হুড়োহুড়ি শুরু হয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেকে ঠেলাঠেলি করতে শুরু করেন। তার ফলে লাইনের সামনের দিকে থাকা দর্শকেরা সমস্যায় পড়েন। অনেকে আপত্তি জানান। তাতেও সমস্যা মেটেনি। শুরু হয় ধাক্কাধাক্কি। তাতে অনেকে মাটিতে পড়ে যান। তাঁদের উপর দিয়ে কিছু দর্শক যাওয়ার চেষ্টা করেন। পদপিষ্ট হয়ে অনেকে আহত হন। অনেক দর্শকের কোলে বাচ্চা ছিল।

ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। বরাতজোরে বেঁচে যান সকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খান নিরাপত্তারক্ষীরা। এক জন নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। এই ঘটনার পরে ক্ষোভ দেখান অনেক দর্শক।