
খোল দ্বার খোল গান গেয়ে বিশ্বভারতীর আম্রকুঞ্জে বসন্তকে আহ্বান জানানো হয়েছে। ফাল্গুন মাসের প্রথম দিনে শান্তিনিকেতনের পাঠভবনে বসন্ত ঋতুকে স্বাগত জানাতে পালন করা হয় বসন্ত আহ্বান।
শনিবার সকালে বসন্ত আহ্বান উৎসবে পাঠভবনের ছাত্রছাত্রীরা মিলিত হয়ে বসন্তের গান, নাচ উপস্থাপনা করে শান্তিনিকেতনের আম্রকুঞ্জ জহর বেদিতে। শান্তিনিকেতন গৃহ থেকে শোভাযাত্রা শুরু হয় ওরে গৃহবাসী খোলদ্বার খোল লাগলো যে দোল বৈতালিকের মধ্য দিয়ে। শোভাযাত্রা শেষে মূল অনুষ্ঠান শুরু হয় আম্রকুঞ্জের জহর বেদিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে শমীন্দ্রনাথ ঠাকুর ১৯০৭ সালে ঋতু উৎসব করেছিলেন।
সেটাই ছিল প্রথম বসন্ত উৎসব। পরে মাঘী পূর্ণিমাতে শ্রী পঞ্চমীতে শান্তিনিকেতনে একাধিকবার বসন্ত উৎসব হয়েছে। ১৯২৫ সালে শ্রী পঞ্চমীতে আম্রকুঞ্জে প্রথম বসন্তোৎসব পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।






