
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। তবে দেওয়া হতে পারে বেশ কিছু শর্তও। মস্কোর একাধিক সূত্র উল্লেখ করে এমনটাই খবর। গত মাসে আমেরিকার আধিকারিকদের সঙ্গে রুশ আধিকারিকদের এ বিষয়ে আলোচনা হয়েছিল। সূত্রের খবর, সেখানেই সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই যুদ্ধবিরতি আগামী দিনে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চূড়ান্ত শান্তি সমঝোতার পথ খুলে দিতে পারে। তিন বছর পর শান্তি ফিরতে পারে পূর্ব ইউরোপে।
আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়ার সঙ্গে সমঝোতার বার্তা দিয়েছেন ইউক্রেনকে। ভলোদিমির জেলেনস্কির দেশকে এ বিষয়ে কূটনৈতিক পন্থা অবলম্বনের পরামর্শ দিয়েছেন ট্রাম্প। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টের অনড় মনোভাব শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, তিনি শান্তি চান। তবে ইউক্রেনের স্বাধীনতাকে তিনি খর্ব হতে দেবেন না। শুরু থেকেই রাশিয়ার প্রতি নরম-গরম নীতি নিয়েছেন ট্রাম্প।
কখনও তিনি রাশিয়ার পণ্যে আরও শুল্ক আরোপ এবং আরও বিধিনিষেধের হুঁশিয়ারি দিচ্ছেন। কখনও আবার তাঁর মুখেই শোনা যাচ্ছে পুতিনের ভূয়সী প্রশংসা। এরইমধ্যে হোয়াইট হাউসে বসে ট্রাম্প জানিয়েছেন, পুতিনকে তিনি বিশ্বাস করেন। পুতিন যুদ্ধ থামাতে আগ্রহী। এমনকি, ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের চেয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা করা তাঁর কাছে বেশি সহজ বলে মনে হচ্ছে।
