
৫ ফেব্রুয়ারি এক দফাতেই ভোটগ্রহণ হবে দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে। এমনটাই ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ফলঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দিল্লি বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। দিল্লিতে সাধারণত এক দফাতেই বিধানসভা নির্বাচন হয়ে থাকে। পাঁচ বছর আগে, ২০২০ সালের বিধানসভা নির্বাচনেও এক দফায় নির্বাচন হয়েছিল।দিল্লির বিধানসভা ভোটে লড়াই এবার মূলত ত্রিমুখী। শাসকদল আম আদমি পার্টি-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং কংগ্রেসের। গত বিধানসভা ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস খাতা খুলতে পারেনি। তবে ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত একটানা দিল্লির বিধানসভা ভোটে জয়ী হয়েছিল কংগ্রেস। তারপর থেকে জয়ী হয়ে আসছে আপ। এবার ফের দিল্লি দখলে মরিয়া কংগ্রেস। লোকসভা ভোটে দিল্লিতে জোট করে লড়লেও বিধানসভা ভোটে আপের সঙ্গে জোট হয়নি তাদের। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে বিপুল পরিমাণ খরচ-সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলে প্রচারের সুর বেঁধে ফেলেছে বিজেপিও। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিকে, দিল্লির ক্ষমতাসীন আপ সরকার তাদের মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা প্রকল্পে বর্তমানে ১৮ বছর ঊর্ধ্ব মহিলাদের মাসে ১ হাজার টাকা অনুদান দিয়ে থাকে। তার পাল্টা কংগ্রেস ঘোষণা করেছে যে, তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২হাজার ৫০০ টাকা দেওয়া হবে।
