
আবেদনকারীরা যেহেতু অন্তর্বর্তী স্থগিতাদেশ চাননি, সে কারণে এই পরিস্থিতিতে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা দিল না সুপ্রিম কোর্ট। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ১ অগাস্ট। তাই এই মামলার পরবর্তী শুনানি হবে তার আগে, ২৮ জুলাই। এই মামলার বিষয়ে জবাবি হলফনামা ২১ জুলাইয়ের মধ্যে কমিশনকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে বেশ কিছু বিষয়ে সমালোচনা করলেও তালিকা সংশোধনের কাজে কোনও স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। কমিশনকে শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, ভোটার তালিকায় নাম রাখা বা ভোটদানের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য ১১টি প্রমাণপত্রের নাম দাখিল করতে। যাতে আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ডের মতো জনপ্রিয় পরিচয়পত্রগুলি অন্তর্ভুক্ত করা থাকে।
বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার গুরুত্বের কথা মেনে নিলেও তা রাজ্য বিধানসভা ভোটের আগে কেন করা হচ্ছে, তা নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ প্রশ্ন তোলে যে, কেন? কেন আধারকে গ্রাহ্য বলে ধরা হবে না?
