
বোমা, হাঁসুয়ার কোপ, ভাঙচুর, ছাপ্পা ভোট, চোখে আঘাত পেয়ে ভোটারের কান্না। প্রথম দফার ভোটে হিংসার চেনা ছবি ফিরল কোচবিহারে।
কোচবিহারের সঙ্গে টক্কর দিয়েছে জলপাইগুড়িও। তবে তুলনায় শান্ত ছিল আলিপুরদুয়ার। কোচবিহারে অশান্তির শুরুটা হয়েছিল ভোটের আগের রাত থেকেই, তার রেশটা চলল দিনভর ভোটপর্ব জুড়ে। দিনহাটার গোসানিমারিতে দলীয় কর্মীকে হাঁসুয়ার কোপ মারা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। এরইমধ্যে কোচবিহারের দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ভোট শুরুর সকাল থেকেই চান্দামারিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ বাধে। এরইমধ্যে দিনহাটায় বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের চান্দামারিতে আক্রান্ত হন বিজেপি নেতা লব সরকার। মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিতাইযে বুথ দখল ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ বাধেরাজাখরায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। এরইমধ্যে ভোট দিতে গিয়ে ইটের আঘাতে চোখ ফাটে ভোটারের। শীতলকুচির ছোট শালবাড়ি অঞ্চলে ভোটারকে মেরে চোখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অশান্তির নিরিখে আপাত শান্ত ছিল আলিপুরদুয়ার।
