
এসআইআর এর বিবেচনাধীন তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আবেদন পুনর্বিবেচনা করে দেখছে ট্রাইবুনাল,এই পরিস্থিতিতে ট্রাইবুনালে পাশ করা বাতিল ভোটাররা আদৌ কি ভোট দিতে পারবেন? ট্রাইবুনাল ছাড়পত্র দিলে ফ্রিজ করা ভোটার তালিকায় কি এই নামগুলি অন্তর্ভুক্ত করা হবে?
এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ তেমনটাই জানিয়েছে।এদিকে প্রথম দফার নির্বাচনের ভোটার তালিকা আগেই ফ্রিজ় হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের ভোটার তালিকাও ফ্রিজ করে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, ফ্রিজ করা তালিকাই চূড়ান্ত হিসাবে গণ্য হয়। তার ভিত্তিতেই ভোট হওয়ার কথা। কিন্তু এখনও অনেক ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে বিবেচনা চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত টাইবুনালে। শুক্রবার এ বিষয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ, ভোটাধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে পুনরায় বিবেচনা করা হবে। আগামী সোমবার ১৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। সে দিনই ট্রাইবুনালের নিষ্পত্তি এবং ভোটার তালিকা ফ্রিজ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাবে আদালত।
প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এক আইনজীবী জানতে চেয়েছিলেন,ভোটার তালিকা ফ্রিজ় হয়ে যাওয়ার পর ট্রাইবুনালে যাঁদের নামের নিষ্পত্তি হবে,তাঁদের ভবিষ্যৎ কী হবে? ইতিমধ্যে তালিকা ফ্রিজ় করে দেওয়া হয়েছে। এর পর যদি কোনও ভোটার ট্রাইবুনালের ছাড়পত্র পান, তিনি কি ভোট দিতে পারবেন? ফ্রিজ হওয়া তালিকায় কি তাঁর নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হবে? নির্বাচন কমিশনের আইনজীবী এই আবেদনের প্রেক্ষিতে আদালতে জানিয়েছেন, বৃহস্পতিবারই শেষ দিন ছিল। নিয়ম মেনে ভোটার তালিকা ফ্রিজ় করা হয়েছে। এর পর আর কোনও আবেদন বিবেচিত হওয়াই উচিত নয়। বৃহস্পতিবার পর্যন্ত ফ্রিজ হওয়া তালিকা ধরেই ভোট হওয়া উচিত।
