বিহারে ভোটগ্রহণ, বার্তা প্রধানমন্ত্রী-বিরোধীদের 

0
120
ছবি সৌজন্যে : এক্স
বিহারে শুরু হয়েছে অন্তিম তথা দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। মঙ্গলবার বিহারের মোট ১২২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। তালিকায় রয়েছে পূর্ব এবং পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী, কিষানগঞ্জের মতো নেপাল সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিও।
দ্বিতীয় দফার নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ১ হাজার ৩০২ জন। ভোটার সংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি। সকাল থেকে বিভিন্ন বুথে সাধারণ ভোটারদের লাইন দেখা গিয়েছে। বিহারের পূর্ণিয়া ভোট দিয়েছেন নির্দল সাংসদ পাপ্পু যাদব। সুপৌলে ভোট দিলেন বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হোসেন।এদিকে, দ্বিতীয় দফার ভোটের সকালে বিহারবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, তিনি সকল ভোটারকে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভোটদানের নতুন রেকর্ড গড়ার জন্য আহ্বান জানাচ্ছেন। তরুণদের উদ্দেশে তিনি লেখেন, যারা প্রথম বারের মতো ভোট দিচ্ছেন, তাঁদের কাছে অনুরোধ, তাঁরা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে অনুপ্রাণিত করেন।
অন্যদিকে, দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শুরু হতেই বিহারবাসীর উদ্দেশে বার্তা দিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বিহারবাসীর উদ্দেশে লিখেছেন, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্পের জন্য, গণতন্ত্র ও সংবিধানের রক্ষার জন্য এবং বিহারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোট দিন।