
পরীক্ষার চাপ,পারিবারিক সমস্যা বা এডিএইচডি’র মতো জটিলতায় অনেক শিক্ষার্থীই মানসিক অস্থিরতায় ভোগে। শিক্ষার্থীদের এ দুশ্চিন্তা কাটিয়ে মনকে শান্ত করতে লন্ডনের স্কুলগুলোতে এখন পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর প্রযুক্তি।
লন্ডনের সাটন বরোর ১৫টি মাধ্যমিক স্কুলে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। স্থানীয় এনএইচএস মেন্টাল হেলথ ট্রাস্টের সঙ্গে মিলে ,ফেজ স্পেস নামের এক প্রযুক্তি কোম্পানির তৈরি ভিআর হেডসেট ব্যবহার করছে এসব স্কুল।ক্লাসের আগে বা ক্লাস চলাকালে খুব বেশি দুশ্চিন্তা বা অস্থিরতা অনুভব করলে আগে থেকে ঠিক করা সময়ে এ ফেজ স্পেস ভিআর প্রোগ্রামটি ব্যবহার করতে পারে শিক্ষার্থীরা। এ পুরো প্রক্রিয়াটি কেবল সাত মিনিট সময় নেয়।অল্প সময়ের জন্য হলেও এ ভিআর জগতের ভেতরে ডুবে থাকা তাদের শান্ত হতে সাহায্য করে, যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং পুনরায় পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত করে তোলে।
বলা হচ্ছে,যারা অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তায় ভুগছে সেসব শিক্ষার্থীকে সাহায্য করার জন্য ফেজ স্পেস তৈরি হয়েছে। এ প্রোগ্রামের ফলে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতির হার ও আচরণে উন্নতি এসেছে এবং পরীক্ষা বা মূল্যায়নের কারণে তৈরি হওয়া দুশ্চিন্তাও কমেছে।







