
বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণে ঝলসে গিয়েছেন মহিলা সহ ৩ জন। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির হাড়ালে শনিবার দুপুরে পিন্টু মণ্ডলের বাড়িতে হঠাৎ করেই মজুত করে রাখা বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বাড়ি। পুড়ে ছাই হয়ে যায় ঘর। সেই সময় বাড়িতে ছিলেন ৩ জন। পিন্টু মণ্ডল, ভক্তি সর্দার এবং শুভঙ্করী সর্দার কার্যত ঝলসে যান। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রাই তাঁদেরকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যায়। পরে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের দাবি গ্যাস সিলিন্ডার থেকেই কোনওভাবে বাজিতে আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে।
তবে এই প্রথমবার নয়, ২০২৩-র মে মাসে এগরায় বাজি বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছিল। ওই বছরই অগাস্টে দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয়েছিল। বজবজেও একইভাবে মজুতবাজিতে ৩ জনের মৃত্যু হয়েছিল।
