
বিতর্কের মাঝেই লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। লোকসভায় বিল সংশোধনী উত্থাপনের বিরুদ্ধে নোটিশ দিয়েছেন কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল এবং হিবি ইডেন।
সংসদেও বার বার ভারতীয় সংবিধান উদ্ধৃত করে ভিন্ন ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করেছেন তাঁরা। সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদের মতে, বিলটি ওয়াকফ সম্পত্তি দখলের জন্য সরকারের একটি প্রচেষ্টা। অবধেশ জানিয়েছেন, বিলটি সংসদে পেশ হওয়ার সময়েই বিল সম্পর্কে নিজেদের অবস্থান খোলসা করবে সমাজবাদী পার্টি। উদ্ধবপন্থী শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলছেন, জোটের সকলের সঙ্গে আলোচনা করে বিলটি আনা হচ্ছে তো? জেডিইউ এবং টিডিপি কি এই ওয়াকফ বিল দেখেছে এবং বিল পাশে সম্মতি দিয়েছে? যদি তা না হয়ে থাকে তা হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শ করতে হবে। প্রয়োজনে সংশোধন করতে হবে বিল। আরএসপি সাংসদ এন কে প্রেমচন্দ্রন আবার বলছেন, সামনেই হরিয়ানা ও মহারাষ্ট্র নির্বাচন রয়েছে। সেই ভোটের কথা ভেবেই ধর্মীয় মেরুকরণের লক্ষ্যে বিলটি আনা হচ্ছে। প্রস্তাবিত সংশোধনটি গ্রাহ্য হলে এর পর থেকে আইনটির নতুন নাম হবে ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট।








