
সাধারণত আগে পিঠ ও কোমরের ব্যথা মূলত বয়স্কদের মধ্যে দেখা যেত।কিন্তু বর্তমানের ব্যস্ত জীবনযাত্রা ও কাজের ধরণ বদলে যাওয়ায় এখন অল্প বয়সীদের মধ্যেও এই সমস্যা ক্রমেই বেড়ে চলেছে। অনেকেই এই ব্যথা থেকে সাময়িক মুক্তি পেতে ওষুধের সাহায্য নেন।
কিন্তু বেশিরভাগ সময়েই তা স্থায়ী সমাধান দিতে পারে না।বিশেষ করে যারা আর্থ্রাইটিস, স্পাইনাল স্টেনোসিস কিংবা অস্টিওপোরেসিসে ভোগেন, তাদের ব্যথা আরো তীব্র হতে পারে।তবে সাম্প্রতিক এক গবেষণায় একটি তথ্য সামনে এসেছে। বলা হচ্ছে,নিয়মিত হাঁটাচলা করলে পিঠ ও কোমরের ব্যথা কমানো সম্ভব। গবেষণা অনুযায়ী, প্রতিদিন অন্তত ১০০ মিনিট হাঁটলে এই ব্যথা অনেকাংশে হ্রাস পায়।২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে গবেষকরা ৫৫ বছর বয়সি প্রায় ১১ হাজার মানুষের উপর পর্যবেক্ষণ চালান। দেখা গিয়েছে, যারা দিনে ১০০ মিনিট বা তার বেশি সময় হাঁটেন, তাদের পিঠের ব্যথা ২৩ শতাংশ পর্যন্ত কমেছে। অন্যদিকে যারা দিনে ৭৮ মিনিটের কম হাঁটেন, তাঁদের ক্ষেত্রে তেমন উপকার পাওয়া যায়নি।গবেষকেরা জানিয়েছেন, সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা—বিশেষ করে হাঁটাচলার অভ্যাস থাকা জরুরি।প্রথমে অল্প সময় দিয়ে শুরু করে ধীরে ধীরে হাঁটার সময় বাড়ানো উচিত।
তবে প্রত্যেকের শারীরিক অবস্থা ভিন্ন, তাই হাঁটার সময় ও পরিমাণ নির্ধারণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।








