
জঙ্গিপুরের ঘটনার প্রেক্ষিতে রাজ্যে ওয়াকফ আইন কার্যকর করতে গিয়ে কোথাও কোনও বাধার সম্মুখীন হলেই প্যারা মিলিটারি ফোর্স মোতায়েনের দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মঙ্গলবার বিকেলে এগরায় পদযাত্রার মাঝে শুভেন্দু অধিকারী খবর পান জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ওয়াকফ নিয়ে বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করেছেন এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে।
এরপরেই রাজ্যের বিরোধী দল এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফের অভিযোগ করেছেন এই ধরণের পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য-র অভিযোগ রাজ্যে গত ১৪ বছর ধরে পুলিশ মন্ত্রী রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পুলিশই একটি বিশেষ অংশের মানুষের প্রতিবাদ হলে কার্যত দর্শকের ভূমিকা নেয় অথচ অন্যত্র সামান্য ছোটখাট ঘটনায় পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে ও লাঠিচালায়।
উদাহরণ হিসেবে বিজেপি সামনে এনেছে সোমবার এক্সাইডের মোড়ে কলকাতা পুলিশের অতিসক্রিয়তায়। যার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে একটা সময় বিজেপির বিক্ষোভে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মত ব্যস্ত রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
