
সংসদের বাদল অধিবেশনের আগের দিন সর্বদলীয় বৈঠকে ডাক পেয়েছেন তৃণমূল থেকে বেরিয়ে আসা বিদ্রোহী সাংসদরাও। কাকলি ঘোষ দস্তিদার-সুদীপ বন্দ্যোপাধ্যায়দের ডাক দেওয়ায় এবার সর্বদলীয় বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিরোধী সাংসদরা।
সকলে মিলে প্রতীকী ওয়াক আউট করেছেন। সকাল ১১টা থেকে সর্বদলীয় বৈঠক শুরু হয়। এই বৈঠকে এনসিপিআই সাংসদ, যারা তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহ করে বেরিয়ে এসেছেন, তাদের আমন্ত্রণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতারা। ১১টা ৫ মিনিটে তারা প্রতীকী ওয়াক আউট করেছেন। যদিও পরে তারা আবার ফিরে আসেন এবং বৈঠকে যোগ দেন। মমতাপন্থী তৃণমূলের তরফে সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন সাংসদ সৌগত রায় ও মহুয়া মৈত্র।সৌগত রায় এই প্রসঙ্গে বলেছেন, আমাদের আপত্তি হলো, সংসদের ওয়েবসাইটে যার নামই নেই, এমন একটি অস্বীকৃত দলকে সর্বদল বৈঠকে ডাকা হয়েছে।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, আজ কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আম আদমি পার্টি, ন্যাশনাল কনফারেন্স, বাম দল এবং শিবসেনা (ইউবিটি)-সহ গোটা বিরোধী জোট সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট করেছে। কারণ এনসিপিআই একটি অস্বীকৃত দল। সংসদের টেবিল অফিসের তালিকায় এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ২৮ দেখানো হয়েছে। ২০ জন সাংসদ এনসিপিআইতে যোগ দেওয়ার দাবি করছেন, কিন্তু এখনও স্পিকার তা অনুমোদন করেননি।
