কর্নাটকে ওয়াকআউট স্বয়ং স্পিকারের !

0
51
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

নজিরবিহীন,অভাবনীয় ঘটনা ঘটেছে কর্ণাটক বিধানসভায়। স্পিকার ইউটি খাদড় নিজেই সভা থেকে ওয়াকআউট করেছেন। পরে অনির্দিষ্টকালের জন্য সভা মুলতবি ঘোষণা করেন তিনি।

স্মরণকালের মধ্যে দেশের কোনও বিধানসভায় এমন ঘটনা ঘটেছে বলে কেউ মনে করতে পারছেন না। বিধানসভায় মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে কমবেশি সব রাজ্যেই স্পিকাররা নানা সময়ে অসন্তোষ প্রকাশ করেন। কিন্তু ক্ষোভের মুখে স্পিকারের সভা ত্যাগের নজির স্মরণকালের মধ্যে নেই।স্পিকারের অভিযোগ তিনি সাম্প্রতিক অতীতে চারবার মন্ত্রীদের সতর্ক করেছেন। বলেছেন বিধানসভায় উত্থাপিত প্রশ্নের লিখিত এবং মৌখিক জবাব তাঁদের দিতে হবে। সোমবার বিধানসভার অধিবেশন বসলে ফের একই অভিজ্ঞতা হয় স্পিকারের।

একাধিক মন্ত্রী বিধায়কদের আগাম প্রশ্নের জবাব দিতে পারেননি। বলেছেন এই প্রশ্নের জবাব দিতে সময় প্রয়োজন। এতেই ক্ষুব্ধ স্পিকার প্রশ্ন তোলেন, কেন মন্ত্রীরা এইভাবে সভাকে উপেক্ষা করছেন? স্পিকারের সমর্থনে উঠে দাঁড়ান বিরোধী দলনেতা বিজেপির আর অশোকা। তিনিও বলেন মাননীয় স্পিকার সভার মর্যাদা রক্ষায় বারেবারে মন্ত্রীদের সতর্ক করছেন। কিন্তু সরকার দায়সাড়া মনোভাব নিয়ে চলছে। মন্ত্রীরা বিধায়কদের উত্থাপিত প্রশ্নের জবাব দিচ্ছেন না। সরকারের ভাবখানা এমন যে মন্ত্রীরা প্রশ্নের জবাব দিলে দেবেন, না দিলে না।