
১০ দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। সোমবার বেলায় হরিয়ানার গুরুগ্রামের ওই হাসপাতাল থেকেই একটি ভিডিয়ো-বার্তা দিয়েছেন তিনি। সেখানেই তিনি জানিয়েছেন,দিল্লির রাজঘাটে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানিয়ে লাদাখে বাড়ির উদ্দেশে রওনা দেবেন তিনি।
ওয়াংচুক নিজের শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে বলেছেন, অবশেষে হাসপাতাল থেকে মুক্তি পাচ্ছেন। এখন অনেকটা ভাল আছেন। অল্প অল্প করে খাওয়ার পরিমাণ বাড়াচ্ছেন। শরীরে বলও ফিরে পাচ্ছেন। উল্লেখ্য, শিক্ষায় দুর্নীতি, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক।
তারপর ১৮ জুলাই তাঁকে জোর করে দিল্লির সফদরজং হাসপাতালে সরিয়ে নিয়ে যায় পুলিশ।তার পরেও অবশ্য অনশন চালিয়ে যান ওয়াংচুক। পরে আদালতের অনুমতিতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল ওয়াংচুককে। কিন্তু তার পরেও অনশন চালিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে ওই হাসপাতালেই দীর্ঘ বৈঠকের পরে অনশন প্রত্যাহার করেন সোনম ওয়াংচুক।
