
আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বিমান পরিষেবায়। সোমবারও দমদম থেকে বাতিল হয়েছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াতের বিমান।
পাঁচটি উড়ান সংস্থার মোট ২০ টি বিমান বাতিল হয়েছে দমদমে। এর মধ্যে আসা-যাওয়া মিলিয়ে এমিরেট্সের আটটি, কাতার এয়ারওয়েজের চারটি, ইতিহাদ এয়ারওয়েজের চারটি, এয়ার আরাবিয়ার দু’টি এবং ফ্লাই দুবাইয়ের দু’টি বিমান রয়েছে। দুবাই-সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন বড় বিমানবন্দরগুলি গোটা বিশ্বের বিমান পরিবহণের ক্ষেত্রে ট্রানজিট হাব হিসাবে কাজ করে। বিশেষ করে ইউরোপ, আমেরিকায় যাওয়ার জন্য এই বিমানবন্দরগুলি হয়েই যাতায়াত করতে হয় ভারতীয়দের। তবে উদ্ভূত অশান্তির মাঝে বিঘ্নিত হয়েছে সেই পরিষেবা।
এর বিমানগুলি বাতিল হওয়ার ফলে দুবাই, দোহা এবং আবু ধাবিগামী যাত্রীরা সমস্যার মুখে পড়েছেন। শুধু দমদম বিমানবন্দরেই নয়, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই বিমানবন্দরেই বিঘ্নিত হয়েছে স্বাভাবিক পরিষেবা। ওই বিমানবন্দরগুলি থেকেও পশ্চিম এশিয়ায় যাতায়াতের বিভিন্ন বিমান বাতিল করা হয়েছে।
