
বাংলাদেশে সরকারি কর্মচারীদের নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে যমুনা অভিমুখে মিছিলে অংশ নেওয়া আন্দোলনকারীদের লক্ষ্য করে জলকামান চালিয়েছে পুলিশ।
রাজধানী ঢাকার শাহবাগে এ ঘটনা ঘটেছে। এর আগে, সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি চাকরিজীবীরা। এতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত দপ্তর ও অফিসের কর্মচারীরা অংশ নেন।আন্দোলনরত নেতারা জানিয়েছেন, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেছেন, কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সরকার ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে প্রত্যাশা করা হয়েছিল।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হওয়ায় কর্মসূচি আরও জোরদার করা হয়েছে।সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল শুরু করেন তারা। আর তখনই সরকারি কর্মচারীদের লক্ষ্য করে জলকামান চালিয়েছে পুলিশ। উল্লেখ্য প্রায় ২২ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘ দিনের আন্দোলন ও দাবির প্রতি সরকার কর্ণপাত না করায় এই মিছিল।
