ঠনঠনিয়ায় জল জমার সমস্যা ৫০ বছরের পুরোনো : ফিরহাদ 

0
152
কলকাতা উত্তরের ঠনঠনিয়ায় জল জমার সমস্যা ৫০ বছরের পুরোণো। এমনই মন্তব্য করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
তিনি বলেছেন, নতুন করে বৃষ্টিপাত না হলে, কলকাতার সমস্ত জমা জল বেরিয়ে যাবে। শুধুমাত্র নিচু এলাকাগুলিতে জল জমে রয়েছে বেশি পরিমাণে। সেটা দু-তিন ঘণ্টার মধ্যে বেরিয়ে যাবে। ফিরহাদ বলেছেন, দানা’র প্রভাবে কলকাতায় ১০০ মিলিমিটার বৃষ্টি হলেও, পুরসভার কর্মীরা দ্রুততার সঙ্গে কাজ করায় সেইভাবে কোথাও জল জমে থাকেনি। মেয়রের দাবি কিছু জায়গায় নিচু এলাকা রয়েছে যেখানে জল জমা রয়েছে। ঠনঠনিয়া কালীবাড়ি, আমহার্স্ট স্ট্রিট ছাড়া বাকি জায়গায় থেকে জল বেরিয়ে গেছে। ফিরহাদের আরও মন্তব্য কলকাতা পুরসভা সবসময় সচেষ্ট জল জমার সমস্যার সমাধানের জন্য। অনেক জায়গায় নতুন পাম্পিং স্টেশন করা হয়েছে, যা অতীতে হয়নি। একদিকে শহরের বিভিন্ন জায়গায় জমা জল সরানোর চেষ্টা করছেন পুরকর্মীরা। অন্যদিকে, কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের সামনের জমা জল পেরিয়েই কাজে ঢুকছেন পুরকর্মী-আধিকারিকরা। কন্ট্রোল রুমের ভিতরে যখন তৎপরতা তুঙ্গে তখন বাইরে প্রায় হাঁটু পর্যন্ত জমা জল নিয়ে প্রশ্ন উঠছে। দানা ঝড় নিয়ে কন্ট্রোল রুম খোলা রেখেছে কলকাতা পুরসভা। কলকাতা ও তার সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে।
যদি কোনও রাস্তায় গাছ পড়ে থাকে বা জল জমে থাকে তাহলে তা দ্রুত সমাধান করতেও তৎপর প্রশাসন।
ছবি  সৌজন্যে : নিজস্ব