
কেরলের ওয়েনাড়ে ভূমিধসের ঘটনার ছ’মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও মেলেনি পুনর্বাসন। সেই আবহেই এ বার পথে নেমেছেন ওয়েনাড়ের চুড়লমালার বাসিন্দারা। ধসকবলিত এলাকার বাসিন্দাদের দ্রুত পুনর্বাসনের দাবিতে জন শব্দম অ্যাকশন কমিটি’র নেতৃত্বে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন সেখানকার মানুষ প্রথমে ধসকবলিত এলাকায় অস্থায়ী কুঁড়েঘর তৈরি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়েরা। এর পর চুড়লমালার বেইলি ব্রিজের কাছে মিছিল করে এগোতে শুরু করেন বিক্ষোভকারীরা।
পুলিশ মিছিল করতে বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় অবস্থান বিক্ষোভ। সোমবার ওয়েনাড়ের জেলাশাসকের দফতরের সামনে অনশনে বসেছেন বিক্ষোভকারীরা। গত মাসেও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দাবি করেছিলেন যে, কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হলেও এখনও পুনর্বাসনের টাকা পাননি ওয়েনাড়বাসী।






