
শীত এলেই ত্বকে দেখা দেয় শুষ্কতা, খসখসে ভাব, চুলকানি ও ফাটার সমস্যা। ঠান্ডা বাতাস ও কম আর্দ্রতার কারণে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারায়।
তবে কিছু সহজ যত্নে শীতকালেও ত্বক রাখা যায় নরম, উজ্জ্বল ও স্বাস্থ্যকর। শীতে ত্বক ভালো রাখতে দিনে অন্তত দু’বার ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। স্নানের পর হালকা ভেজা ত্বকে ময়েশ্চারাইজার লাগালে ত্বক বেশি সময় আর্দ্র থাকে। গ্লিসারিন, শিয়া বাটার বা সেরামাইডসমৃদ্ধ ক্রিম শীতে বেশি উপকারী।হালকা গরম জলেতে স্নান করা জরুরি। খুব গরম জল ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। তাই কুসুম গরম জলেতে অল্প সময় স্নান করুন এবং সাবান হিসেবে মাইল্ড বা ময়েশ্চারাইজিং ক্লিনজার ব্যবহার করুন।শীতেও শরীরের জলশূন্যতা দেখা দিতে পারে। দিনে অন্তত ৮-১০ গ্লাস জল পান করলে ত্বক ভেতর থেকে আর্দ্র থাকে এবং শুষ্কতা কমে।পাশাপাশি,ঠোঁটের জন্য নিয়মিত লিপ বাম ব্যবহার করুন। বাইরে বের হলে হাত ঢাকার জন্য গ্লাভস পরুন এবং হাত ধোয়ার পরপরই হ্যান্ড ক্রিম লাগান।শীতে ঘরের বাতাস শুষ্ক থাকে। প্রয়োজনে হিউমিডিফায়ার ব্যবহার করলে ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা পায়।এর বাইরে ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার যেমন,গাজর, কমলা, লেবু, শাকসবজি ও বাদাম ত্বককে সুস্থ রাখে। ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবারও ত্বকের জন্য উপকারী।
শীতকালেও সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের ক্ষতি করে। বাইরে বের হওয়ার আগে এসপিএফযুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন।
