
চাকরিহারাদের ডেডলাইন শেষের দিনেই বিকাশভবনে বৈঠকে বসেছেন শিক্ষাসচিব বিনোদ কুমার। দুপুর ১টার পর আন্দোলনকারী ৫ শিক্ষক এবং একজন শিক্ষিকা বিকাশভবনে প্রবেশ করেছেন। রবিবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
যদিও আন্দোলনকারী চাকরিহারারা নতুন করে পরীক্ষা দিতে নারাজ। বৈঠকে সেই বিষয়টি স্পষ্ট করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁরা চাইছেন ইতিবাচক আলোচনার মাধ্যমে সদর্থক পদক্ষেপ। সমাধানের রাস্তা বের করতেই হবে সরকারকে। এদিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ৩১ মে-র মধ্যে নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন জারি করতেই হবে এসএসসিকে। আর ৫ দিন বাকি। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কমিশন সূত্রে খবর নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় প্রস্তুতি এখন শেষের পর্যায়ে। কোন প্রক্রিয়ায় সমাধান সূত্র বেরোবে সে দিকে তাকিয়ে আন্দোলনকারীরা। অন্যদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারাদের একাংশ। সর্বোচ্চ আদালতের অবসরকালীন বেঞ্চে তাঁরা আবেদন করছেন।
ওয়েমার শিটের মিরর ইমেজের কপি প্রকাশের দাবিতে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অযোগ্যদের চিহ্নিত করে অবিলম্বে বরখাস্ত করার দাবিতেই এই মামলা বলে জানা গিয়েছে।
