
শীর্ষ আদালতে দিনভর শুনানির পরও যোগ্য-অযোগ্য প্রার্থী বাছাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ঝুলেই রয়েছে ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে। তবে সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়ে রেখেছে, যোগ্য-অযোগ্য প্রার্থী বাছাই না হলে ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করে দেওয়া হবে। ওএমআর শিট, সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত বিষয়ে শীর্ষ আদালতের একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েছে সিবিআই, এসএসসি ও রাজ্যের আইনজীবী। বৃহস্পতিবার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ২০১৬ সালের এসএসসি নিয়োগের ক্ষেত্রে নম্বর কারচুপির প্রসঙ্গ তুলেছিলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার শুনানি শুরু হতেই লাগাতার একাধিক প্রশ্নে প্রধান বিচারপতি সঞ্জয় খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে তীব্র ভৎর্সনার মুখেও পড়েছে রাজ্য। যোগ্য- অযোগ্যের পৃথকীকরণ নিয়ে দীর্ঘ সময় সওয়াল জবাব চললেও প্রায়ই গোটা প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে প্রধান বিচারপতিকে।
দিনভর সওয়াল জবাব শেষে কোনও নির্দিষ্ট রায় দেয়নি সুপ্রিম কোর্ট। নতুন বছরে চাকরীপ্রার্থীদের ভাগ্যে কী হয়, সেটাই দেখার।
