
ভোটের আগে খোদ তাঁর নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্যদফতরে অন্তর্ঘাত হচ্ছে কি না? নবান্নে হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে এমনই প্রশ্ন তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৈঠক চলাকালীন ফোনে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি প্রশ্ন তুলেছেন, তাঁর হাতে থাকা দফতরগুলিতে ইচ্ছাকৃত ভাবে গোলমাল পাকানো হচ্ছে কি? না হলে সকলের চোখ এড়িয়ে একের পর এক ঘটনা কী ভাবে ঘটছে? মুখ্যমন্ত্রীর আরও প্রশ্ন ছিল, কী ভাষে কারা হাসপাতালের লাইসেন্স দিচ্ছে তা বোঝা যাচ্ছে না। কোন যোগাতার ভিত্তিতে লাইসেন্স দেওয়া হচ্ছে, তা-ও স্পষ্ট নয়। এই সূত্রেই হাসপাতালগুলির নিরাপত্তা এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থার উপর সর্বক্ষণের নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্রের দাবি, হাসপাতালে সিসি ক্যামেরা থাকার পরেও দুর্গাপুরের ঘটনার ফুটেজ কেন পাওয়া যায়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।



