
অর্থনীতি থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক প্রতিরক্ষা ও ইউরোপে ড্রোন আতঙ্ক, সব ইস্যুতেই কড়া অবস্থান তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সরবরাহ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। একইসঙ্গে আমেরিকার নীতি পরিবর্তন, ইউক্রেনকে অস্ত্র সহায়তা এবং ন্যাটো ইস্যুতেও মতামত তুলে ধরেছেন। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউরোপ ক্রমাগত সামরিকীকরণের পথে এগোচ্ছে এবং এর জবাবে রাশিয়া গুরুত্বপূর্ণ ও কঠোর পদক্ষেপ নেবে। ন্যাটো আক্রমণের নামে রাশিয়াকে নিয়ে যে প্রচার চলছে, তা আসলে,অর্থহীন হিস্টেরিয়া। এছাড়া সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে বলেও মন্তব্য করেছেন তিনি। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সাগরপাড়ের শহর সোচিতে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, ন্যাটো নিজেরাই বিশ্বাস করে না যে রাশিয়া ন্যাটোতে হামলা চালাবে। যদি সত্যিই বিশ্বাস করে, তাহলে তারা অবিশ্বাস্যভাবে অযোগ্য, কারণ এই বাজে কথায় আস্থা রাখা যায় না। আর যদি না বিশ্বাস করে, তাহলে তারা কেবল অসৎ।একইসঙ্গে ,ইউরোপের সামরিক ক্ষমতা বাড়ানোর প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, রাশিয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পাল্টা জবাব দেবে দ্রুতই।
প্রেসিডেন্ট পুতিন উদাহরণ টেনে বলেছেন, জার্মানিতে বলা হচ্ছে তাদের সেনাবাহিনী ইউরোপের সবচেয়ে শক্তিশালী বাহিনী হবে। খুব ভালো।কিন্তু আমরা সেটা শুনেছি এবং দেখছি এর মানে আসলে কী। রাশিয়া কখনো দুর্বলতা বা দ্বিধা দেখাবে না। যা ঘটছে, আমরা তা উপেক্ষা করতে পারি না।








