
বিশ্বকে ইসরায়েলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।গাজায় ইসরায়েল যখন বিধ্বংসী যুদ্ধ ও পশ্চিম তীরে ক্রমাগত দখল চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই আহ্বান জানিয়েছেন গুতেরেস।
তিনি বলেছেন, পশ্চিমী দেশগুলো আগামী সপ্তাহে নিউইয়র্কে রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে,ইসরায়েল পশ্চিম তীর দখল ঘোষণার হুমকি দিয়েছে। গুতেরেস বলেছেন, তাঁদের প্রতিশোধের আশঙ্কায় ভীত হওয়া উচিত নয়। কারণ তাঁরা কাজ করেন বা না করেন,ইসরায়েল এসব কাজকর্ম চালিয়ে যাবে। অন্ততপক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগের সুযোগ তৈরি করা যায়, যাতে এসব না ঘটে।তিনি আরও বলেছেন, ইসরায়েল ধীরে ধীরে পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে। একইসঙ্গে তারা গাজায় সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।এই অবস্থায়,গাজায় বর্তমান পরিস্থিতি নিয়ে গুতেরেস বলেছেন, তিনি মহাসচিব হিসেবে কিংবা জীবনেও কখনও এ রকম মৃত্যু ও ধ্বংসযজ্ঞ দেখেন নি।
তিনি জানিয়েছেন, প্যালেস্টাইনি জনগণের দুর্ভোগ বর্ণনাতীত দুর্ভিক্ষ, স্বাস্থ্যসেবার সম্পূর্ণ অভাব ও পর্যাপ্ত আশ্রয় ছাড়া সেখানকার বিশাল জনগোষ্ঠী এখনও বেঁচে আছে।তবে তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করা থেকে বিরত থাকেন।গুতেরেস বলেছেন, গণহত্যার আইনগত সংজ্ঞা দেওয়া তাঁর এখতিয়ার নয়। আসল বিষয় শব্দ নয়, আসল বিষয় হচ্ছে সেখানে যা ঘটছে।





