সম্মান চাই, হুমকি নয়: বার্তা ইউরোপীয় ইউনিয়নের

0
107
ছবি সৌজন্যে : এক্স

আমেরিকার সঙ্গে একটি সম্মানভিত্তিক বাণিজ্য চুক্তি করার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন ,ইইউ।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে ইইউ এই বার্তা দিয়েছে।ইইউর বাণিজ্য কমিশনার মারোস সেফচোভিচ বলেছেন, ইইউ সম্পূর্ণভাবে আলোচনায় যুক্ত এবং এমন একটি চুক্তি চায়, যা উভয় পক্ষের জন্য কার্যকর হয়।

ইইউ-আমেরিকা বাণিজ্য অনন্য এবং এটি পারস্পরিক সম্মানের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত, হুমকির ভিত্তিতে নয়।এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ইইউর সঙ্গে আলোচনা কোনো দিকে এগোচ্ছে না। তিনি জানান, ১ জুন থেকে ইউরোপীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে এবং আমেরিকায় নির্মিত পণ্যের ওপর কোনো শুল্ক থাকবে না। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি কোনো নতুন চুক্তি খুঁজছেন না, চুক্তি তাঁরা সেট করে ফেলেছেন।তবে তিনি বলেছেন, কোনো ইউরোপীয় কম্পানি যদি আমেরিকায় বড় বিনিয়োগ করে, তাহলে শুল্ক আরোপ স্থগিত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

ইইউ আমেরিকার অন্যতম বড় বাণিজ্য অংশীদার।মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ইইউ, আমেরিকায় ৬০০ বিলিয়ন ডলারেরও বেশি পণ্য রপ্তানি করেছে এবং ৩৭০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। ট্রাম্পের হুমকির জবাবে ইউরোপীয় দেশগুলো হুঁশিয়ারি দিয়েছে, অতিরিক্ত শুল্ক উভয় পক্ষের জন্যই ক্ষতিকর হবে।