বোরখা পরলে ২ লক্ষ টাকা জরিমানা! ইতালিতে আইন

0
249
ছবি সৌজন্যে : এক্স

প্রকাশ্য স্থানে বোরখা কিংবা হিজাব পরা বন্ধ করতে আইন আনছে ইতালির জর্জিয়া মেলোনি সরকার। ইতালির শাসকদল ব্রাদার্স অফ ইতালি-এর তরফে সংসদে এই সংক্রান্ত বিল পেশ করা হয়েছে। জর্জিয়া সরকারের দাবি, দেশে ইসলামি ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতাবাদ রুখতে এই পদক্ষেপ।

এই আইন অমান্য করলে ৩০০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হবে।ভারতীয় মুদ্রায় যা ২৬ হাজার থেকে ২.৬ লক্ষ টাকা।জানা গিয়েছে, গত ৮ অক্টোবর ইতালির সংসদে পেশ করা হয়েছে এই বিল। যেখানে বলা হয়েছে, স্কুল, বিশ্ববিদ্যালয়, দোকান-পাঠ, অফিস-সহ অন্যান্য সার্বজনিক জায়গায় পুরোপুরি শরীর ঢাকা পোশাক পরা যাবে না। বিলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এইসব প্রকাশ্য স্থানে বোরখা কিংবা হিজাব পরা যাবে না। সংসদে বিলটি পেশ করেছেন মেলোনির দলের ৩ জন সাংসদ। মেলোনি সরকারের দাবি, এই পদক্ষেপ ইতালিতে সামাজিক সম্প্রীতি বাড়াবে। এবং সাংস্কৃতিক বিচ্ছিন্নতাবাদকে গোড়া থেকে নির্মূল করবে।উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে ইতালিতে আইন রয়েছে প্রকাশ্য স্থানে মুখঢাকা পোশাক পরা যাবে না। যদিও সেই আইনে বোরখা ও হিজাবের কথা উল্লেখ ছিল না। মেলোনির দল ব্রাদার্স অফ ইতালি’র শরিক লিগ পার্টি চলতি বছরের মুখ ঢাকা পোশাক বলতে বোরখা ও হিজাব জাতীয় পোশাকের উপর নিষেধাজ্ঞা জারির দাবি তোলে।সেই দাবিকে মান্যতা দিতে এবার তৎপর হয়েছে মেলোনির দল।

মেলোনি সরকারের এক মন্ত্রী বলেছেন, এই বিলটি ফ্রান্সের দ্বারা অনুপ্রাণিত। ২০১১ সালে সেখানে বোরখার উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল। এখানেও সেই আইন কার্যকর করতে তাঁরা তৎপর। উল্লেখ্য,মেলোনির জোট সরকার বর্তমানে ইতালির সংখ্যাগরিষ্ঠ দল। তাই বিলটি পাশ হতে খুব একটা সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।