
বৃষ্টি থামতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরমের প্রভাব বাড়তে চলেছে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে, আর পশ্চিমের জেলাগুলিতে তা ছুঁতে পারে ৩৮ ডিগ্রি। আগামী ৪-৫ দিনে তাপমাত্রা আরও ৫-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান। বর্তমানে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও ধীরে ধীরে তা বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ফলে সব জেলাতেই বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। অন্যদিকে, বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
ওই দিন দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রবিবার ও সোমবার শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।








