
সোমবার থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ফলে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই রাজ্যবাসীর।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ২ দিনের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। যার ফলে সোমবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া,হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। বৃষ্টির দাপট থাকবে মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি,আলিপুরদুয়ারে।
রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সোমবার জলপাইগুড়ি, কালিম্পংয়ে।






