
এবার বাগযুদ্ধে জড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও আসাদউদ্দিন ওয়েইসি। হিমন্ত বিশ্বশর্মাকে ‘টিউবলাইট’ বলে কটাক্ষ করেছেন ওয়েইসি।
শনিবার মহারাষ্ট্রের সোলাপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটপ্রচারে গিয়ে চ্যালেঞ্জের সুরে এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, একদিন হিজাব পরা মহিলাই দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, বিজেপির বর্তমান সরকার মুসলিম মহিলাদের হিজাব পরতে দেয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন। বেটি বাঁচাও, বেটি পড়াও-এর প্রচার করেন। তিন তালাক নিষিদ্ধ করেন।অথচ মুসলিম মহিলাদের সম্ভ্রম রক্ষার বিরোধী। তার এই মন্তব্যের পরেই কার্যত সুর চড়িয়েছে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও। ক্ষোভ প্রকাশ করে হিমন্ত বলেন, সংবিধানে কোনও বাধা নেই, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু ভারত হিন্দুরাষ্ট্র, হিন্দু সভ্যতা।
তাই আমরা আত্মবিশ্বাসী, ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে সবসময় কোনও হিন্দু ব্যক্তিই বসবেন। হিমন্তের মন্তব্যের পালটা ওয়েইসি বলেন, আসলে ওর মাথায় টিউবলাইট আছে। বাবাসাহেব আম্বেদকর আমাদের সংবিধান রচনা করেছিলেন। তিনি হিমন্ত বিশ্বশর্মার তুলনায় অনেক বেশি শিক্ষিত এবং বুদ্ধিমান ছিলেন। আসলে অসমের মুখ্যমন্ত্রী অত্যন্ত ছোট মনের মানুষ। তাই এমন ক্ষুদ্র মানসিকতার পরিচয় দিয়েছেন।
