
গাজ়া, লেবাননে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই প্যালেস্টাইনি বসতি ওয়েস্ট ব্যাঙ্কে আবার হামলা চালিয়েছে ইজ়রায়েল সেনা। জেরুসালেম লাগোয়া ওই অঞ্চলের তুলকারেম শরণার্থী শিবিরে ইজ়রায়েলের বিমানহানায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
গাজ়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক হাজার প্যালেস্টাইনি সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে ওয়েস্ট ব্যাঙ্ক স্বশাসিত কর্তৃপক্ষ জানিয়েছেন।ইজ়রায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোয়েন্দা সংস্থা শিন বেটের দেওয়া তথ্যে ভিত্তিতেই গভীর রাতে ওয়েস্ট ব্যাঙ্কে বিমান হামলা চালানো হয়েছে। ওই এলাকায় প্যালেস্টাইনি জঙ্গিদের গতিবিধির সুনির্দিষ্ট তথ্য ছিল বলে তেল আভিভের দাবি।ভূমধ্যসাগরের তীরবর্তী গাজ়া ভূখণ্ড হামাসের দখলে থাকলেও প্যালেস্টাইনি মুক্তি আন্দোলনের অবিসংবাদী নেতা প্রয়াত ইরাসের আরাফতের তৈরি সংগঠন ফাতা-র নেতৃত্বাধীন জোট প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। ইজ়রায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘদিন ধরে ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রয়েছে।








