
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেকর্ড সংখ্যক ভোটদানের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে রাজ্যের মহিলা এবং যুব সম্প্রদায়কে ভোটাধিকার প্রয়োগের জন্য বিশেষ আবেদন করেছেন প্রধানমন্ত্রী।
বাংলা এবং ইংরেজি, দু’ভাষাতেই সকাল সকাল পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পোস্টে প্রথমেই লিখেছেন, রেকর্ড সংখ্যায় ভোট দিন। গণতন্ত্রকে আরও প্রাণবন্ত করে তোলার আহ্বান জানাচ্ছেন। শেষে নরেন্দ্র মোদীর বার্তা, অত্যন্ত জরুরি যে পশ্চিমবঙ্গের নারী ও যুব সম্প্রদায় বিপুল সংখ্যায় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুন।
ভোটপ্রচার করতে বার বার পশ্চিমবঙ্গে ছুটে এসেছেন মোদী। সোমবার ভোটপ্রচারের শেষ দিনেও জনসভা করেন তিনি।





