
দল কিংবা পদ নয় মানুষ যেন বিজেপির নেতা কর্মীদের চেনে। বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তাই দিয়েছেন শমীক ভট্টাচার্য।
তিনি বলেছেন, যাঁরা পুরনো, তাঁরা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। সমাজের সব স্তরের মানুষের প্রয়োজন আছে। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারা যাবে না। একইসঙ্গে নতুদের শমীকের বার্তা হল, যাঁরা নতুন এসেছেন, তাঁরাও মনে রাখবেন, ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও পতাকাটা ধরে রেখেছিলেন, প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন, তাঁদের জন্যই আজ বিজেপি পশ্চিমবঙ্গে এই জায়গায় পৌঁছেছে। সব কিছু ঠিক থাকলে আর মাত্র ৮ মাস পর বিধানসভা নির্বাচন।
শমীকের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে, আদি ও নব্য বিজেপি-র দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে সবাইকে ভোটের ময়দানে নামানো। বস্তুত, পশ্চিমবঙ্গে বিজেপি-র নীচুতলার সংগঠনে অনেক ফাঁক। সেই ফাঁকগুলি ভরাট করে পুরনো ও নতুনদের নিয়ে চলতে হবে শমীককে।






