
বেলডাঙাকাণ্ডের অভিযুক্তদের নিজেরাই আদালতে পেশ করতে চেয়ে আবেদন করেছে এনআইএ। অভিযোগ করেছে রাজ্য পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না।
এর আগেও দুবার অভিযুক্তদের কলকাতায় নিয়ে আসা যায়নি। গত শুনানিতে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়েছিল। এরফলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে বলে দাবি এনআইএ-র। তাই তদন্তকারীরা নিজেরাই অভিযুক্তদের কলকাতায় নিয়ে যেতে চায়। এর আগে বেলডাঙায় অশান্তির তদন্তে ই মেল করে মুর্শিদাবাদ পুলিশের কাছে সিডি চাইল এনআইএ। তবে পুলিশের তরফে এনআইএ-র কাছে এখনও ই মেলের জবাব আসেনি বলে খবর। বেলডাঙাকাণ্ডে মুর্শিদাবাদের এসপি ও আইও-র ভূমিকায় আগেই ক্ষোভপ্রকাশ করেছে এনআইএ-র বিশেষ আদালত। ২৬ ফেব্রুয়ারির মধ্যে এনআইএকে কেস ডায়েরি দিতে এবং মুর্শিদাবাদের পুলিশ সুপার ও তদন্তকারী অফিসারকে রিপোর্ট দিতে নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার শুনানিতে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে এনআইএ। পাল্টা সরকারি আইনজীবী দাবি করেন বেলডাঙাকাণ্ডে ইউএপিএ ধারা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল।
পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে ২ দিন ধরে বেলাগাম তাণ্ডব চলে মুর্শিদাবাদের বেলডাঙায়। ৩১ জানুয়ারি তদন্তভার হাতে পায় এনআইএ।
