
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার থেকেই লজিক্যাল ডিসক্রিপেন্সির নথি যাচাই ও নিষ্পত্তির কাজ শুরু করেছেন বিচারকরা। এরইমধ্যে কলকাতা সহ জেলায় জেলায় বিভিন্ন আদালতে উড়ো মেল-এ বোমাতঙ্কের খবরে আতঙ্ক ছড়িয়েছে।
এই পরিস্থিতিতে রাজ্য সচিবালয় নবান্ন থেকে পুলিশের দুই শীর্ষ কর্তাকে নিয়ে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। জেলা জজরা নিজের নিজের কাজ শুরু করেছেন। তাঁদের সমস্ত ধরণের সুরক্ষা দেওয়ার জন্য রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। রাজ্য সরকারের তরফে তাঁদের সমস্ত সাহায্য এবং সুরক্ষার আশ্বাস দিয়েছেন তিনি। তখন তাঁর দুপাশে ছিলেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। হুমকি মেল প্রসঙ্গে সিপি সুপ্রতিম সরকার জানিয়েছেন কলকাতা সহ জেলার কোর্টে হুমকি মেল আসার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়েছে। ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরাও সেখানে যান। তাৎপর্যপূর্ণভাবে মেলটি এক জায়গা থেকে করা হয়েছিল, নাকি আলাদা আলাদাভাবে পাঠানো হয়েছে তা স্পষ্ট নয়। তবে হুমকি মেলের পাট্যার্ন এক রকমের।
দুরভিসন্ধি থেকেই এই কাজ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন সিপি সুপ্রতিম সরকার।
