আইপ্যাকের প্রতীকের বাড়িতে ইডি, তড়িঘড়ি গেলেন মুখ্যমন্ত্রী-সিপিও

0
95
ছবি সৌজন্যে : নিজস্ব
কয়লাকাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। সল্টলেকের সেক্টর ফাইভেও আইপ্যাকের অফিসেও পৌঁছে যায় ইডি।
খবর পেয়েই সেখানে তড়িঘড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মাও। তবে প্রতীকের বাড়ি থেকে কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তাঁর হাতে একটি সবুজ ফাইল ছিল। বাইরে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন তাঁর দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল। তিনি সেগুলো নিয়ে এসেছেন। সেখান থেকে দাঁড়িয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন তিনি। প্রতীক জৈনের বাড়ির পাশাপাশি সেক্টর ফাইভে আই প্যাক-র অফিসেও একইসঙ্গে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। প্রতীক জৈন-র বাড়ির পাশাপাশি পোস্তায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলেছে। কার্যত রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানের পুনরাবৃত্তি হয়েছে বৃহস্পতিবার। ২০১৩ সারদা মামলায় সিট গঠন করা হয় যার দায়িত্বে ছিলেন রাজীব কুমার। তখন তিনি বিধাননগর পুলিশের কমিশনার ছিলেন। তবে পরে সেই মামলাতেই তার নাম জড়িয়ে যায়। তাঁর বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ ওঠে।
পরে সারদা মামলার তদন্তে সিবিআই হাতে পেতেই ২০১৯-এ রাজীব কুমারকে জেরা করার জন্য তাঁর বাড়িতে গিয়েছিল সিবিআই। যার প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।