
আমডাঙার পর এবার জগদ্দলের কিশোরের মৃত্যু গুলেন বেরি সিনড্রোমে। ২৬ জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়েছে বিসি রায় শিশু হাসপাতালে।
জানা গিয়েছে জগদ্দলের বাসিন্দা বছর ১০-র দেবকুমার সাউ দিন সাতেক ধরে বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি ছিল। স্বাস্থ্যভবন সূত্রে খবর শ্বাসকষ্টজনিত সমস্যার সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ অসাড় হয়ে পড়ায় বিসি রায় শিশু হাসপাতালে ভেন্টিলেশনে চিকিৎসা চলছিল দেবকুমার সাউ-র। বিসি রায় হাসপাতালে এখনও ২ শিশু জিবি সিনড্রোম নিয়ে ভর্তি রয়েছে। পার্ক সার্কাস আইসিএইচ-এ ভর্তি রয়েছে আরও দুই শিশু। এদিকে হুগলির ধনেখালিতেও বছর ৪৮-র এক ব্যক্তিও শরীরে গুলেন বেরি সিনড্রোম ধরা পড়েছে। সতীনাথ লোহার নামে ওই ব্যক্তি ধনেখালিতে স্থানীয় এক চিকিৎসক চেম্বারে গিয়েছলেন। সেখানেই জিবি সিনড্রোম ধরা পড়ায় তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে।
এর আগে এনআরএস মেডিক্যালে আমডাঙার ছাত্রের মৃত্যু হয়েছে গুলেন বেরি সিনড্রোমে। ডেথ সার্টিফিকেটেও রয়েছে সেপটিক শক, গুলেন বেরি সিনড্রোমের উল্লেখ।
