
এ বার কলকাতাতেও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশেই দুর্যোগ চলবে।
উত্তরবঙ্গে এখনও লাল সতর্কতা জারি রয়েছে। প্রবল বর্ষণ চলছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার এবং রবিবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে। একই পূর্বাভাস জারি করা হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। তার আগে অর্থাৎ, সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতি দিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ ছাড়া, চলতি সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও।
