
পালাবদল হতেই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম সহ মন্ত্রিদের নেমপ্লেট খুলে ফেলা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী যে ঘরে বসতেন তার পাশেই ছিল পার্থ চট্টোপাধ্যায়ের ঘর।
দীর্ঘদিন বন্ধ থাকার পর খোলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘরও। শনিবার বিজেপির মন্ত্রিসভার শপথ। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। নবান্ন নয়, নতুন সরকারের সচিবালয় হবে রাইটার্স বিল্ডিং। আগেই জানিয়েছিল বিজেপি। সেইমত রাইটার্স বিল্ডিংয়ে মেরামতি, রংয়ের কাজ শুরু হয়েছে। সেই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত বিধানসভাতেই হচ্ছে নতুন মন্ত্রিসভার সচিবালয়।
বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়ে সচিবালয় হচ্ছে। ফলে বিধানসভাজুড়ে সাজো সাজো রব। বিধানসভা চত্বর আলোকিত করে তুলতে প্রচুর লাইট আনা হয়েছে। রবিবার শপথের পর সোমবার থেকে বিধায়করা সম্ভবত বিধানসভায় আসতে শুরু করবেন।







