
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তবে শর্ত সাপেক্ষে জামিনও পেয়েছেন তিনি। শনিবার ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন তিনি।
ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু আদালত বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ককে ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে। যদিও কিছু শর্ত মানতে হবে চন্দ্রনাথকে। প্রাথমিক মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের পর রাজ্যের কোনও মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। এর আগে চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। ৪১ লাখ টাকা উদ্ধার করেছিলেন ইডি। পরে দুবার ইডির দফতরে হাজিরা এড়ান রাজ্যের ক্ষুদ্র ও কুটিশ শিল্পমন্ত্রী। তারইমধ্যে গত মাসে ইডি দফতরে হাজিরাও দিয়েছিলেন। শনিবার আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ডে জামিনের আবেদন জানিয়েছেন চন্দ্রনাথ। ইডি জেরার জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু তা খারিজ হয়ে যায়। ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে চন্দ্রনাথের জামিন মঞ্জুর করেছে আদালত।
আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে যেতে পারবেন না তিনি। তদন্তে সহযোগিতা করতে হবে। এই শর্তে জামিন দেওয়া হয়েছে।







