
পুজোর মুখে কলকাতা জুড়ল তিনটি মেট্রো রুটে। পতাকা নেড়ে ৩টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করতেই জুড়ে গিয়েছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ, রুবির হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দরের জয়হিন্দ স্টেশন।
এই তিনটি মেট্রো প্রকল্পের মাধ্যমে কার্যত জুড়ে গিয়েছে কলকাতার দুই বড় অফিসপাড়া সেক্টর ফাইভ ও ডালহৌসি। কলকাতার দুই প্রধান স্টেডিয়াম যুবভারতী ও ইডেন গার্ডেন। কলকাতার দুই প্রধান বাস টার্মিনাস করুণাময়ী ও এসপ্ল্যানেড এবং রাজ্যের দুই প্রধান রেলস্টেশন হাওড়া ও শিয়ালদহ। নরেন্দ্র মোদীর যখন মেট্রো প্রকল্পের উদ্বোধন করছেন তখন তাঁর পাশেই ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, শান্তনু ঠাকুররা। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে বিমাবন্দর জয়হিন্দ স্টেশন পর্যন্ত যাত্রা করেছেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে ছাত্রছাত্রী, মেট্রো কর্মীদের সঙ্গে গল্পও করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। বিকেল চারটে কুড়ি মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল আনন্দ বোস, মুখ্যসচিব মনোজ পন্থ সহ অন্যান্যরা।
মেট্রো রুটে ভাড়ার তালিকাও ঘোষণা করা হয়েছে। ন্যূনতম ভাড়া ৫টাকা এবং সর্বোচ্চ ৭০ টাকা।








