
অনুপ্রবেশকারীর পৃষ্ঠপোষকদের জবাব দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। বঙ্গ জয়ের পর এক্স পোস্টে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পশ্চিমবঙ্গবাসীকে কোটি কোটি প্রণাম জানিয়ে লিখেছেন, এই বিপুল জনাদেশ ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে বাংলার মানুষের জোরালো জবাব। শাহের দাবি, বিজেপির এই জয় তৃণমূলের ভয়ের ঊর্ধ্বে প্রধানমন্ত্রী মোদীর প্রতি ভরসার জয়। তিনি লিখেছেন, তাঁর মতো প্রতিটি বিজেপি কর্মীর জন্য এটি গর্বের মুহূর্ত। যে গঙ্গোত্রীতে মা গঙ্গার উৎস সেখান থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উড়ছে। তিনি আরও লিখেছেন, বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম এবং আত্মবলিদানের ফল। সেই সমস্ত পরিবারের ধৈর্যের জয়, যারা হিংসা সহ্য করেও গেরুয়া পতাকা ছাড়েননি। শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছনোর এই কঠিন যাত্রায় যে কর্মীরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে একচুলও সরেননি, সেই সকল কর্মী ও তাঁদের পরিবারকে প্রণাম। এর আগে পশ্চিমবঙ্গে নির্বাচন চলাকালীন প্রায় ১৫ থেকে ২০ দিন কলকাতায় ছিলেন অমিত শাহ।
এবং সেখানে বসেই দলীয় কর্মীদের সঙ্গে নিরন্তন স্ট্রাটেজি ঠিক করা থেকে শুরু করে বঙ্গের বিজেপি নেতাদের ভোকাল টনিক দিয়েছিলেন অমিত শাহ। আর তাতেই এসেছে সাফল্য।






