৪ জন সাসপেন্ড, চাপে পিছু হটল রাজ্য

0
146
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

জাতীয় নির্বাচন কমিশনের ডেডলাইন শেষ হওয়ার আগেই ২ ডব্লুবিসিএস অফিসার সহ ৪ জনকে সাসপেন্ড করেছে রাজ্য। তবে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি বলেই খবর।

ভোটার লিস্টে কারচুপির অভিযোগ ওঠে বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম চৌধুরি, এইআরও তথাগত মণ্ডল এবং ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস সহ এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্যসচিব মনোজ পন্থকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু রাজ্য কোনও পদক্ষেপ না করায়, দিল্লিতে মুখ্যসচিব মনোজ পন্থকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডেকে পাঠানো হয়। ২১ তারিখের ডেডলাইন বেধে দিয়ে ৪ অফিসারকে সাসপেন্ড এবং এফআইআর দায়ের করার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়। ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু রাজ্য কি পদক্ষেপ করছে তা বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জানা যায়নি।

শেষপর্যন্ত বৃহস্পতিবার সন্ধের পর নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে অভিযুক্ত ৪ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং করবেন মুখ্যসচিব। তবে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি রাজ্য। এদিকে ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে তাও জানা যায়নি।