
পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কল্যাণী ও কেতুগ্রামে ৪৮ ঘণ্টার ব্যবধানে জোড়া বিস্ফোরণকাণ্ডে রাজ্যকে এভাবেই আক্রমণ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুদমার।
এক্স পোস্টে সুকান্ত লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যজুড়ে সন্ত্রাসের ঘাঁটি ছড়িয়ে পড়েছে। যারফলে এখন রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। আবারও সন্দেহ দেখা দিচ্ছে যে এই বিধ্বংসী বিস্ফোরণের পিছনে কিছু দেশবিরোধী, চরমপন্থী শক্তির হাত আছে কিনা। তৃণমূলের নির্লজ্জ শাসনকালে, পশ্চিমবঙ্গে অপরাধী এবং দুর্বৃত্তরা নির্ভীকভাবে ঘুরে বেড়াচ্ছে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর একমাত্র সমাধান হল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। রবিবার সন্ধেয় পূর্ব বর্ধমানের কেতুগ্রামে মজুত করে রাখা বোমা ফেটে উড়ে গিয়েছে পরিত্যক্ত বাড়ির শৌচালযে ছাদ। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কেতুগ্রামের চেঁচুড়ি গ্রাম। পরিত্যক্ত ওই বাড়িতে কেউ থাকেন না। গৃহকর্তা কর্মকর্তা বাইরে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি। ১৫-১৬ বছর ধরে ওই বাড়িতে কেউ থাকেন না।
সেই সুযোগে কেউ বা কারা ওই বাড়ির শৌচালয়ে বোমা মজুত করে রেখেছিল বলে অনুমান। প্রাথমিকভাবে অনুমান মজুত বোমা ফেটেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জেরে উড়ে যায় ছাদ।







