
শীতের দাপটে জবুথবু বাংলা। ২ দিন ধরে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বারবার ভাঙছে। তবে রবিবার কলকাতার তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে গিয়েছে। পারদ চড়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। তবে ঠান্ডা তেমন কমেনি। উত্তরে হাওয়ার দাপট হাড় কাঁপাচ্ছে।
সঙ্গে সকালের দিকে রয়েছে কুয়াশার বাড়বাড়ন্ত। উত্তরবঙ্গের জেলাগুলোয় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পরপর দু’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১২ ডিগ্রির ঘরে। আগের ২-৩দিনকে ছাপিয়ে শনিবার হয়েছিল মরসুমের শীতলতম দিন। পারদ নেমে গিয়েছিল ১২.৮ ডিগ্রিতে। তবে রবিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি, যা স্বাভাবিকের চেয়ে বেশি। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে প্রথম সারিতে রয়েছে বীরভূমের শ্রীনিকেতন।
সেখানের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। অন্যদিকে দার্জিলিংয়ের পারদ ছুঁয়েছে ৪-এ। কলকাতার আলিপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৬ ডিগ্রি কম।



