
বসন্তের মাঝেই আচমকা নেমে আসা বৃষ্টি শহরের তাপমাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছিল। তবে সেই স্বস্তির পর্ব এবার শেষের পথে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, বুধবার থেকেই আকাশ পরিষ্কার হবে এবং রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে ফের চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ।
অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে তাপমাত্রার তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সমতল এলাকায় জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। এদিকে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন ঘূর্ণাবর্তে পরিণত হয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।
এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যা ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এই সমস্ত আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
