
বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ অঞ্চলের জেরে আরও কিছু দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভিজবে কলকাতাও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বৃষ্টি পুরোপুরি থামার সম্ভাবনা কম। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে উত্তর বঙ্গোপসাগরে সোমবার আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আরও অন্তত দু’দিন ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলিতে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে নিম্নচাপ অঞ্চল মাথা না তুললে বুধবারের পর থেকে বৃষ্টি কমতে পারে। এ ছাড়া পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
সোমবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শুধু জলপাইগুড়ি এবং কালিম্পঙে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
