
পৌষ সংক্রান্তি ও মাঘের শুরুতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পৌষ সংক্রান্তিতে জমিয়ে শীতের স্পেল চলবে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রায় ১ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। তবে আগামী দুই দিনে আরও নামতে পারে তাপমাত্রার পারদ। মঙ্গলবার বিকেল থেকে ফের সক্রিয় হবে উত্তুরে হাওয়া। যার জেরে আগামী দু’দিনে আরও কিছুটা পারদ নামবে। পারদ নামতে পারে ১২ ডিগ্রির ঘরে। পৌষ সংক্রান্তি থেকে মাঘ মাসের প্রথম কয়েকটা দিনে রীতিমতো ঝোড়ো ব্যাটিং করবে শীত।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সব জেলাতেই। তবে আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রার হেরফেরের বিশেষ কোনও সম্ভাবনা নেই।








